আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তবে এতে গরম কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, লঘুচাপ সৃষ্টি হলে বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। এই বৃষ্টি টানা দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টিপাত কমে আসবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামীকাল বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।









