রোহিঙ্গা ক্যাম্পে দুই দফা অগ্নিকাণ্ড, পুড়লো স্বাস্থ্যকেন্দ্র

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি রোহিঙ্গা বসতঘর ও একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বি-ব্লকে আগুন লাগে। উখিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি ঘটেনি।

এর পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে মধুরছড়া ক্যাম্পের ডি-ব্লকে ‘ওবাট হেলপারস বাংলাদেশ’ পরিচালিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কেন্দ্রটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা চিকিৎসা সামগ্রী আগুনে নষ্ট হয়।

ওবাট হেলথ পোস্টের কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এই কেন্দ্র থেকে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকতেন।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ডলার ত্রিপুরা এবং উখিয়া থানার ওসি নুর আহমেদ দুই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর