কক্সবাজারের রামুর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা–ফাতেমা ছড়া এলাকার দুর্গম পাহাড়ি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩–৪ জন সন্দেহভাজন ব্যক্তি গভীর জঙ্গলে পালিয়ে যায়। তবে অভিযানে একটি বড় অস্ত্র তৈরির ভাণ্ডার উদ্ধার সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শটগানের খালি খোসা, বন্দুকের ২টি বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়া মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও ১টি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট–বড় রেক, ১টি শান দেওয়ার মেশিন এবং আরও বহু অস্ত্র তৈরির উপকরণ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অভিযানের সময় কেউ আটক না হলেও জড়িতদের শনাক্তে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম নিয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।”









