রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এক মা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিহতের মরদেহ রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ঘাতক সুমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন (৫৫) ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নেশার টাকার জন্য সুমন মায়ের কাছে চাপ দেয়। সোহাগী টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন ধারালো হাসুয়া দিয়ে তার বুকে ও পেটে একাধিক আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ রাস্তায় ফেলে রেখে সুমন বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে থাকে।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমন মাদকাসক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









