দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি এক ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাসিত এই অলরাউন্ডার ক্রিকেট, রাজনীতি ও ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলায় তা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশে ফিরলে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হবেন কি না, তা নিয়ে চলছে বিভিন্ন মহলে জল্পনা।
এমন পরিস্থিতিতে বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন সাকিব। সোমবার রাত ১০টা ৪১ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, বর্তমানে তার একমাত্র মনোযোগ ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বাংলাদেশের জার্সি গায়ে সেরাটা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে তিনি জানান, সুযোগ পেলে জাতীয় দলের হয়ে আবারও দারুণ পারফরম্যান্স উপহার দিতে চান।
তিনি আরও লিখেছেন, একটি দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ক্রিকেট ক্যারিয়ার শেষে দেশের উন্নয়নে অবদান রাখতে তিনি আগ্রহী হলেও সেটা শুধু রাজনীতির মাধ্যমেই হতে হবে এমন নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করার বহু পথ রয়েছে, যদিও রাজনীতির মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষ অংশে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার আশা প্রকাশ করেন, লাল-সবুজের জার্সি গায়ে হাসিমুখে নিজের ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত করতে চান তিনি। এ লক্ষ্যে দেশের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেন সাকিব আল হাসান।









