রাউজানে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জানে আলম সিকদার (৩৪) রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেটের সামনে উঠানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি খুব কাছ থেকে জানে আলমের বুকে টানা দুটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় যুবদল নেতাদের মতে, সম্প্রতি রাজনৈতিক কিছু ঘটনার পর জানে আলম সংগঠনের কার্যক্রম থেকে কিছুটা দূরে ছিলেন। তবে তিনি এর আগে উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিহতের পরিবারের দাবি, জানে আলমের কারও সঙ্গে বিরোধ ছিল না। কেন তাকে লক্ষ্য করে এমন হামলা চালানো হলো, তা তাদের ধারণার বাইরে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর