সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পুরো রমজান মাসে বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
পবিত্র রমজানে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে, ৫ জানুয়ারি তিনি একই বিষয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।









