রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ষ্টাফ রিপোর্টার

আসন্ন রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে রমজান মাসে ২১ দিন স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায়। এ নিয়ে আপত্তি জানিয়ে ৫ জানুয়ারি পুরো রমজান মাস ছুটি ঘোষণার দাবিতে সরকারকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল

নোটিশে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি রাখার একটি প্রচলিত প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর করা যায় না, আর অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী প্রথা ও রীতিরও আইনসম্মত ক্ষমতা রয়েছে। তাই রমজানে স্কুল খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে নোটিশে অভিহিত করা হয়।

নোটিশে আরও বলা হয়, রোজার মাসে ছোট শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও পাঠক্রমে অংশ নিতে ক্লান্তি বাড়তে পারে, যা তাদের রোজা পালনের স্বাভাবিক অভ্যাসে ব্যাঘাত ঘটাবে। এতে ধর্মীয় চর্চায় অনীহা তৈরি হতে পারে।

এ ছাড়া রমজান মাসে বিদ্যালয় খোলা থাকলে কর্মস্থল, বাজার ও স্কুলগামী মানুষের চাপ বৃদ্ধির কারণে শহর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়—যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *