ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী এবং আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
পুলিশ জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আদাবরের ১৭/বি এলাকায় মেহেদীর বাসায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এডিসি জুয়েল রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হিমনের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হাদি হত্যাকাণ্ডে আটক মোটরসাইকেলচালক আলমগীরের বন্ধু হিমনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।









