যশোর রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রায় ২০০ বছরের মূল্যবান দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ভবনটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কোনো বিদ্যুৎ সংযোগও ছিল না। ফলে শর্টসার্কিটের সম্ভাবনা নেই। তাই অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহজনক বলে মনে করছেন অনেকেই।
শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, ১৭৪১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশ এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ শত শত নথি ওই রেকর্ড রুমে সংরক্ষিত ছিল। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, বেশির ভাগ কাগজপত্রই পুড়ে ছাই হয়ে গেছে। কিছু দলিল পানিতে নষ্ট হয়েছে।
ঘটনাস্থলে যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেনও উপস্থিত ছিলেন। তিনি জানান, ভবনের গেটে তালা লাগানো ছিল, তবে দায়িত্বে থাকা নৈশপ্রহরী ঘটনাস্থলে ছিলেন না। বাইরে থেকে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
রেজিস্ট্রি অফিসের একটি সূত্র দাবি করেছে, বৈদ্যুতিক সংযোগ না থাকা সত্ত্বেও আগুন লাগায় এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। তিন নৈশপ্রহরীর আচরণও সন্দেহজনক বলে উল্লেখ করা হয়।
যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, তদন্ত শেষে তা জানা যাবে।









