নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড ব্যবহার করে।
সকালে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা ঘরে ফিরবেন না। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়া কর্মচারীদের সঙ্গে অবিচার বলেও অভিযোগ করেন তারা।









