রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের শাটার ও কলাপসিবল গেট কেটে ভোর রাতে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা নিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (৫ জানুয়ারি) ভোরে।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সকাল ১০টায় দোকানে এসে তিনি দেখেন, কেচিগেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান দোকান ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ–রুপা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, নিজস্ব ৫০ ভরি স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ দোকানে রাখা ছিল। চুরি যাওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা, ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া নগদ চার লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।
সিসিটিভি ফুটেজে চোরেরা শনাক্ত
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটে কয়েকজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গ্লাস ভাঙে এবং পরে সিন্দুক বের করে দোকানের বাইরে নিয়ে আসে। চোরচক্রের সদস্যরা দোকানের ভেতরে কিছুক্ষণ অবস্থান করে এবং শেষ পর্যন্ত একটি পিকআপ ভ্যান ব্যবহার করে সিন্দুক, স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”









