বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি এবং দেশে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
নতুন সিদ্ধান্তে আমদানিকৃত মোবাইল ফোনের ওপর শুল্ক, অগ্রিম কর ও ভ্যাট মিলিয়ে মোট করহার ৬১.৮০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৩.৪৩ শতাংশে।
এ ছাড়া দেশে মোবাইল ফোন সংযোজনকারী বা অ্যাসেম্বলিং শিল্পকে উৎসাহ দিতে যন্ত্রাংশ আমদানির শুল্কও কমানো হয়েছে। স্থানীয় পর্যায়ে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত মোবাইল ফোনের বাজারমূল্য কমাতে সহায়ক হবে এবং স্থানীয় উৎপাদন শিল্পকে আরও প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









