মোবাইল ফোন বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরের আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম সম্পূর্ণরূপে চালু করা হয়েছে। এর ফলে বর্তমানে নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে, যা চোরাই এবং অবৈধ মোবাইল ফোন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
বিটিআরসি জানায়, নিজের নামে নিবন্ধিত ফোনে সিম পরিবর্তনের ক্ষেত্রেও কিংবা মোবাইলটি বিক্রি বা হস্তান্তরের আগে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট অনুযায়ী এনআইডি বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ বা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।









