মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

কোহিনুর বেগমের স্বামী গোলাম রব্বানী জানান, আজ সকালে শিশু সন্তান রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও ছেলে কাইফের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর