নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আরমান হোসেন বিজয় (১৮) নামের এক তরুণকে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
শনিবার (৪ অক্টোবর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিজয় বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় মোটরসাইকেলযোগে উপজেলার মজিব সড়ক থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









