আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেয়র পদে নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের

ষ্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)–এর বক্তব্য বিভ্রান্তিকর। পোস্টে তিনি উল্লেখ করেন, সিটি নির্বাচনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। উপদেষ্টা সরকারকালীন সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে প্রয়োজনীয় আইন সংশোধন হওয়ায় দলীয় প্রতীক বা মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে।

পোস্টে তিনি আরও লিখেছেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন হয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ভালোভাবে পর্যালোচনা করে মন্তব্য করার জন্য ইসিকে আহ্বান জানান তিনি।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত এখন নির্ভর করছে জাতীয় সংসদের ওপর। তার ভাষায়, বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকায় দলীয় প্রতীক বহাল থাকবে কি না—এ সিদ্ধান্ত মূলত তাদের ওপরই নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *