বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার নতুন প্রবণতা দেখা দিয়েছে। তিনি বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরীর কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, জামায়াতের আমির সাম্প্রতিক বক্তব্যে স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করেছেন। এটি অস্বাভাবিক নয়, কারণ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা ইতিহাস বিকৃত করার চেষ্টাও করবে। তবে দেশের মানুষ সত্য জানে, তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের উপস্থাপনের এ প্রচেষ্টা প্রতারণা ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে সাইনবোর্ড দেখানোর চেষ্টা করছে যে তাদেরও মুক্তিযোদ্ধা রয়েছে। এটি জনগণকে বিভ্রান্ত করার কৌশল মাত্র। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এ ধরনের প্রচেষ্টা মেনে নেবেন না এবং জনগণও এর বিরুদ্ধে অবস্থান নেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব হলো—যারা স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা তথ্য প্রচার করে, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় দৃঢ় প্রতিবাদ জানানো। সেই দায়িত্ব থেকেই তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
নারী ইস্যুতে জামায়াতের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা কর্মজীবী নারীদের অপমান করেছে এবং কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিয়ে নারীদের কর্মসংস্থান সংকুচিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।









