নির্বাচনী উত্তাপের মধ্যেও অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত স্মৃতিচারণ করে আবারও আলোচনায় এসেছেন। বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে তার প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে তিনি একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন।
সমসাময়িক ইস্যুতে সরব ও খোলামেলা মত প্রকাশের জন্য পরিচিত ফারিয়া জানান, ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও দেখে তার বাবার শান্ত ও ধৈর্যশীল স্বভাবের কথা মনে হয়েছে।
ফারিয়া লেখেন, “নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখলে বাবার কথা মনে পড়ে।” এরপর তিনি রসিকতার ছলে ব্যাখ্যা দেন কেন এই ধৈর্য তাকে বাবার কথা স্মরণ করিয়েছে।
স্ট্যাটাসে ফারিয়া জানান, তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ, বিপরীতে মা ছিলেন অনেকটাই উল্টো। দাদির কঠোর শাসন থেকে শুরু করে মা, স্ত্রী ও তিন কন্যার ‘শাসন’—তার বাবার জীবন কেটেছে পরিবারে পাঁচ নারীর মধ্যেই ধৈর্যের সঙ্গে সব সামলে।
রসিকভাবে তিনি লিখেছেন, “আমি প্রায়ই বলি, আমার বাবার জান্নাত অনেকটাই নিশ্চিত। মা, দাদি ও তিন মেয়েসহ পাঁচ ভয়ংকর মহিলাকে হাসিমুখে সহ্য করা—এ তো দুনিয়ার শাস্তিই শেষ!”
স্ট্যাটাসের শেষে ফারিয়া সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ করেন যাতে বিষয়টি সংবাদ হিসেবে পরিবেশন না করা হয় এবং এটিকে ধর্ম বা রাজনীতির সঙ্গে সংযুক্ত না করা হয়। তার ভাষায়, “এইটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।”
তবে তার এই ‘নিউজ না করার’ অনুরোধই শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।









