মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং সীমান্তের ওপারে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে থেমে থেমে এসব গুলির শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় গুলিবিদ্ধ হন আলমগীর (৩১) নামে এক বাংলাদেশি জেলে। গুলিটি মিয়ানমারের দিক থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত আলমগীর টেকনাফের হোয়াইক্যং বিজিবি ক্যাম্পসংলগ্ন বালুখালী গ্রামের বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “হোয়াইক্যং সীমান্তের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সীমান্তে বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। আহত জেলের পরিবারের পাশে থাকার ব্যবস্থা করা হয়েছে।”

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “জেলে আলমগীর মাছ ধরতে গিয়ে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন—এজন্য তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছি। আজ সকালেও বিভিন্ন সময়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।”

পরিবার ও সহযাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আলমগীর ‘বিলাসীর দ্বীপ’ নামের নাফ নদীর একটি জেগে ওঠা চরে মাছ ধরতে গেলে হঠাৎ মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। একটি গুলি এসে তার বাঁ হাতে লাগে।

তার ভাই মো. ইউনুছ বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, রাখাইন রাজ্যের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নাফ নদীর তোতার দিয়া, হাসিমের দিয়া, বিলাসী দ্বীপ ও হসের দিয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী— আরাকান স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা নবী হোসেন বাহিনী
এবং আরএসও’র সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ বাড়ছে।

এক বছর শান্ত থাকার পর সাম্প্রতিক সময়ে দখল–পুনর্দখলকে কেন্দ্র করে পুনরায় গোলাগুলি শুরু হয়েছে। ফলে সীমান্তের অন্তত আট হাজার মানুষ আতঙ্কে রয়েছে। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া হাজারো জেলে এখন ঝুঁকির মুখে।

হোয়াইক্যং উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শহিদ বলেন, “সকাল থেকেই বড় বড় গোলার বিকট শব্দ শোনা গেছে। গতকাল একজন জেলে আহত হয়েছেন। আমরা সবাই ভয়ের মধ্যে আছি।”

হোয়াইক্য্যং পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র জানান, “মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও নিশ্চিত করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর