তারেক রহমান

মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই

ষ্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণেই তিনি রাজনীতি করেন। তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবদ্দশায় মা-বোনদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন বিনামূল্যের উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেও দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।

কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হলেও তার চেয়েও বড় পরিচয়—আমি আপনাদের সন্তান। বাংলাদেশের মানুষের কল্যাণে রাজনীতি করি।”

নারীদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এ কার্ড কৃষকরাও পাবেন বলে উল্লেখ করেন। জনগণ সুযোগ দিলে এসব ব্যবস্থা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, করাইলের শিশুদের বিদেশি ভাষা শেখা, উন্নত চিকিৎসাসেবা পাওয়া নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এলাকার আবাসন সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে থাকার সুযোগ দিতে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ক্ষমতায় এলে এলাকাটিতে একটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, তিনি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। সেই বাড়ি যেভাবে ভেঙে দেওয়া হয়েছিল, তিনি তা এখনো ভুলতে পারেননি। এই অভিজ্ঞতা থেকেই তিনি মানুষের কষ্ট বুঝতে পারেন এবং করাইলবাসীর পাশে থাকতে চান।

শেষে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। করাইলবাসীর উদ্দেশে তিনি বলেন, “আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর