মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

ষ্টাফ রিপোর্টার

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে’ যোগ দিতে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা অংশ নেবেন। সেখানে আঞ্চলিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংকট পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা হবে।

আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

সেনাবাহিনী প্রধানের আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *