বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মার্চ মাসে সারা দেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। শনিবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৭০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৮২ জন এবং আহত হয়েছেন এক হাজার ৭৯৬ জন। সবচেয়ে বেশি হতাহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যেখানে ২৩৭ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনায় নিহতের প্রায় ৩৯ শতাংশ।
সংগঠনটি জানায়, দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, মার্চে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৬০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭০ জনের, আহত হয়েছেন ৩২০ জন। বরিশাল বিভাগে দুর্ঘটনা সবচেয়ে কম হলেও ৩০টি ঘটনায় ২৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।
মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, সাংবাদিক, চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, প্রকৌশলী ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, একজন আনসার, একজন বিজিবি এবং একজন ফায়ার সার্ভিস কর্মীও আছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মার্চ মাসে সংঘটিত দুর্ঘটনার ৪০ দশমিক ৯০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক শূন্য ৭ শতাংশ ফিডার রোডে ঘটেছে। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ৫১ শতাংশ ঘটেছে ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং শূন্য দশমিক ৯৭ শতাংশ রেলক্রসিংয়ে।









