বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এসে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। শোকাহত পরিবেশে উপস্থিত সবাই তাকে একনজর দেখার এবং বিদায় জানানোর চেষ্টা করছেন।
বুধবার সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি গুলশানের উদ্দেশে নেওয়া হয়। পরে তা তারেক রহমানের বাসায় পৌঁছায়।
সেখানে তারেক রহমানের সঙ্গে আছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা। শোকের ছায়ায় পুরো বাড়ি ও আশপাশের এলাকা নীরব হয়ে আছে।









