মাদারীপুরের শিবচর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক কৃষিবিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে দত্তপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের (সিমিট) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
এর দুই দিন আগে, বুধবার (২১ জানুয়ারি), নিখোঁজ হওয়ার পর নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আন্ডারপাস এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তদন্ত সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে শহীদুল ইসলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখায় পে-অর্ডার জমা দেওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনটিও তখন থেকে বন্ধ পাওয়া যায়। পরে পরিবার মরদেহ শনাক্ত করে।
নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, “তিন দিন ধরে নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা মরদেহ পাওয়ার খবর শুনে আমরা শোকাহত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার দাবি করছি।”
শিবচর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আন্ডারপাস এলাকা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়। পরে পরিবার মরদেহ শনাক্ত করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।









