মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপে সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ একটি বোমা নিক্ষেপ করা হলে তা নিচে থাকা এক যুবকের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিয়ামের বাবা জানান, তিনি মোটরপার্টসের দোকানে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হাঁটার সময় বোমাটি তার ওপর এসে পড়ে।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। বোম্ব ডিসপোজাল ইউনিটও সেখানে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা বোমাটি ভিকটিমের মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। কারা এই নাশকতা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর