ভোলার চরফ্যাশনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় তাঁকে হত্যা করা হয়। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৪৫)। ঘটনার আগের দিন তাঁর ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছিল।
নিহত আবদুর রহিম রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আখতারুজ্জামানের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন শশীভূষণ থানা যুবলীগের আহ্বায়ক মো. ফারুক হোসেন। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, আবদুর রহিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আবদুর রহিমের পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন (আলম)–এর অনুসারী। ভোলা-৪ আসনে এবারের নির্বাচনে তিনি মনোনয়ন না পেলেও বিএনপির প্রার্থী নুরুল ইসলাম আসনটি থেকে জয়ী হয়েছেন। স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলেও জানা গেছে।
নিহতের ভাই মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবারের বেশিরভাগই বিএনপির সমর্থক। আমার বিরুদ্ধে আওয়ামী লীগ ১৭টি মামলা করেছে। তবে আমার ভাই আবদুর রহিম আওয়ামী লীগকে পছন্দ করলেও সক্রিয়ভাবে রাজনীতি করত না। সে মূলত মাটি কাটার কাজ করত, গবাদিপশু দেখাশোনা করত এবং ছাগল পালন করত।’









