ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার

ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

সকাল ৮টা ২৮ মিনিটে তিনি রাজধানীর মনিপুর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে পৌঁছান। ভোট দেওয়ার পর তিনি বলেন, “জাতি এই ভোটের প্রতীক্ষায় ছিল দীর্ঘদিন ধরে, বিশেষ করে তরুণ সমাজ। আমরা দোয়া করি—এই নির্বাচনের মাধ্যমে দেশের জন্য এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং ১৮ কোটি মানুষের সরকার।”

তিনি আরও বলেন, “আজ ভোট দিয়ে এখান থেকেই যাত্রা শুরু করলাম। পরে আরও কয়েকটি কেন্দ্রে যাব। দেশের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন—আমাদেরই দেশটিকে গড়ে তুলতে হবে।”

ভোট প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে কী অবস্থান নেবেন—এমন প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, “ছোটখাটো বিষয় আমরা এড়িয়ে যাব। তবে বড় কোনো সমস্যা হলে ছাড় দেওয়া হবে না। মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হোক—এটা আমরা চাই না।”

তিনি আরও জানান, “ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে, তখন ফলাফল মেনে নেব। অন্যদেরও মেনে নিতে হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

দলের বিরুদ্ধে ভোটের আগের ২৪ ঘণ্টায় আসা বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কেউ যদি সত্যিই অপরাধ করে থাকে, সেটা আমিও মানবো। কিন্তু অপরাধ না থাকা সত্ত্বেও জোর করে অপরাধ বানানোর চেষ্টা—তা আরও বড় অপরাধ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *