চারটি আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের ভিত্তিতে ব্যালট ও ফলাফলপত্র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার প্রার্থীদের আবেদনের পর আদালতের নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেয়।
অভিযোগকারী বিএনপি প্রার্থীরা হলেন কুড়িগ্রাম–২ থেকে সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর–৬ থেকে সাইফুল ইসলাম, রংপুর–৪ থেকে এমদাদুল হক ভরসা এবং রাজশাহী–১ থেকে মো. শরীফ উদ্দিন।
এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনী অনিয়ম বিষয়ে করা আবেদনের শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব বিষয়ে শুনানি চলছে।
এ নিয়ে বিএনপির পক্ষ থেকে সাতটি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনটি আসনের ব্যালট ও ফলাফলপত্র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। এছাড়া আরও কয়েকটি আসনে কারচুপির অভিযোগ করে মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।









