বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশ করেন।
পরে তিনি নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান। ভবনটির নিচ তলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষায়িত এনআইডি সেবা প্রদান করা হয়। সেখানেই আঙুলের ছাপ, আইরিশসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেন তিনি। এদিন তারেক রহমানের কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারেক রহমানের এনআইডি সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে প্রস্তুত হবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদসহ অন্য নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।









