donald trump

ভেনেজুয়েলায় আরও হামলার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী পদক্ষেপ না নিলে দেশটিতে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলা তাদের তেল শিল্প বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত না করলে এবং মাদক পাচার রোধে সহযোগিতা না বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

শনিবার ভোরে পরিচালিত এক অভিযানে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী সোমবার তাকে যুক্তরাষ্ট্রের এক আদালতে তোলা হবে।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা সহযোগিতা না করলে তিনি আবারও সামরিক অভিযানের নির্দেশ দিতে পারেন। একই সাথে তিনি কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। কিউবার কমিউনিস্ট সরকার নিয়েও তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।

মাদুরোর গ্রেপ্তারের পর থেকে ভেনেজুয়েলা চরম রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ট্রাম্প প্রশাসন জানায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও ‘নার্কো–টেররিজম’–এর অভিযোগ আনা হয়েছিল। সেই মামলার বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে।

৬৩ বছর বয়সী মাদুরো অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার বিচার শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্প দাবি করেন, অভিযানের পেছনে আরও কারণ রয়েছে। তার বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রগামী অভিবাসন প্রবাহ, ভেনেজুয়েলার অতীত জাতীয়করণ নীতি এবং দেশটির তেল সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তের বিষয়গুলো, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তারা যা নিয়ে গেছে, আমরা তা ফেরত নিচ্ছি।” তিনি আরও জানান, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরে গিয়ে তেল শিল্প পুনর্গঠন করবে।

এদিকে মাদুরো আটক থাকলেও তার ঘনিষ্ঠ সহযোগীরাই অন্তর্বর্তীভাবে দেশ পরিচালনা করছেন। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছেন, মাদুরোই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেছিলেন, রদ্রিগেস যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর