ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

ষ্টাফ রিপোর্টার

একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশীয় ৪০টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জাতিকে একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আমরা। একটি ভালো নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতা অপরিহার্য।”

তিনি জানান, এবারের নির্বাচনে কমিশনের নিজস্ব অফিসিয়াল মেকানিজম থাকবে, পাশাপাশি পর্যবেক্ষকদের নজরেও নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ইসি। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে দ্রুত লোকবল প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি।

পর্যবেক্ষকদের সতর্ক করে সিইসি বলেন, “পর্যবেক্ষক সংস্থার কাজ ভোটের অনিয়ম শনাক্ত করা, রাজনীতিতে জড়িয়ে পড়া নয়। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচনও সুষ্ঠু হবে না।”

তিনি আরও বলেন, বাংলাদেশিরা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। তাই যাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না তা অবশ্যই যাচাই করতে হবে।

ইসি সদস্য আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ইসি অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে এগিয়ে যেতে চায় এবং কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না। পক্ষপাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থার ভবিষ্যতে নির্বাচনে কাজ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর