ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি জানান, দুই দেশের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের স্বার্থে ভিসা সেবা দ্রুতই স্বাভাবিক করা হবে।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা আরও বিস্তারের জন্য নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত।
বাণিজ্যমন্ত্রী জানান, বৈঠকে সীমান্ত হাট ও বন্ধ থাকা কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ এ বৈঠকের আলোচনায় আসেনি।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশিদের ভিসা প্রদানে কঠোরতা বাড়ায় ভারত। সবশেষ সোমবার বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটি।









