ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং তাঁদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









