বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয় কি না।
তিনি লিখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে উঠে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বহু ব্যক্তি তাকে দেখতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতোই সে সময় ভারতের দুইজন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তাদের সঙ্গে সাধারণ আলাপ ছাড়া বিশেষ কোনো বৈঠক হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির জানান, সাক্ষাৎকারের সময় তিনি ভারতীয় কূটনীতিকদের বলেন—যত কূটনীতিকই তার বাসায় এসেছেন, সবার সাক্ষাৎকারই তারা প্রকাশ করেছেন। ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎও প্রকাশ করার ইচ্ছা ছিল। তবে ভারতীয় প্রতিনিধিরা অনুরোধ করায় সেই সাক্ষাৎকার প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ করা হবে; সেখানে গোপনীয়তার কোনো বিষয় নেই।
পোস্টে ডা. শফিকুর রহমান দেশীয় কিছু গণমাধ্যমে ‘জামায়াত আমীরের ভারতের সঙ্গে গোপন বৈঠক’—শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানান। প্রকৃত তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।









