বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে মন্ত্রণালয়ে তলব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান এবং সচিবের দপ্তরে বৈঠকে অংশ নেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দিল্লি ও কলকাতাসহ ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়েছে। গত ১০ দিনের মধ্যে এটিই তার দ্বিতীয় তলব।
এর আগে ১৪ ডিসেম্বর ভারতের মাটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি’ ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের অভিযোগে প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
সে সময় বাংলাদেশ সরকার জানায়, পলাতক শেখ হাসিনা নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমে জড়াতে উৎসাহিত করছেন—যা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি। আদালতের দেওয়া দণ্ড বাস্তবায়নের জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।
পাশাপাশি, ভারতের বিভিন্ন স্থানে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ভারতকে অবহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এসব ব্যক্তি আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও সমন্বয়ে যুক্ত। তাই এ ধরনের কার্যকলাপ বন্ধে ভারতের জরুরি ও কার্যকর ভূমিকা কামনা করেছে ঢাকা।
এ ছাড়া বিএনপি নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজনদের ভারতমুখী পালানোর সম্ভাবনা ঠেকাতে ভারতের সহযোগিতা চাওয়া হয়। কেউ ইতোমধ্যে সীমান্ত অতিক্রম করে থাকলে তাদের গ্রেপ্তার ও দ্রুত প্রত্যর্পণেও অনুরোধ জানানো হয়।
তলবের সময় ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে ভারত সবসময়ই সহায়ক ভূমিকা রাখতে চায় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দিতে দেশটি প্রস্তুত।









