ভাঙ্গায় সড়ক অবরোধ, স্থবির দক্ষিণ-পশ্চিমাঞ্চল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় ফের সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়নের শুয়াদী এবং হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া এলাকায় পৃথকভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা মহাসড়কে গাছ ফেলে ও বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

বিক্ষোভকারীদের দাবি, ভাঙ্গার আওতায় আলগী ও হামিরদী ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত তাদের অবরোধ চলবে।

স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আলগী ইউনিয়নকে নগরকান্দায় ঠেলে দিয়ে নির্বাচন কমিশন হাজার হাজার মানুষকে বিপর্যস্ত করেছে। জীবন যাবে, রক্ত যাবে, তবু ভাঙ্গা ছাড়ব না। আমাদের ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, “দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখনও কোনো ফলাফল আসেনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা সমাধান নয়।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “দুই ইউনিয়নের মানুষ দুটি স্থানে সড়ক অবরোধ করেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, যেন অন্তত দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারে। তবে তারা এখনো রাজি হননি।”

হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, “ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ রয়েছে। হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *