ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–ভাঙ্গা–খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোরের মনিরামপুর উপজেলার চালতিবাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) এবং নিকট আত্মীয় রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রোগী নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কেশবপুর–যশোর থেকে রোগী, তার স্বজন ও চালকসহ পাঁচজন অ্যাম্বুলেন্সে ঢাকার পথে ছিলেন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন নিহত হন। অ্যাম্বুলেন্সটি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেলে চালক কৃষ্ণ (৩০) এবং রোগীর স্বজন রোকাইয়া বেগম (৪০) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, গুরুতর আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।









