বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন

ষ্টাফ রিপোর্টার

বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিষয়টি তার মেয়ে অঞ্জনা বড়ুয়া নিশ্চিত করেছেন।

অঞ্জনা বড়ুয়া জানান, গত এক সপ্তাহ ধরে তিনি চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল।

প্রায় ছয় দশকের সৃজনশীল যাত্রায় সুকুমার বড়ুয়া ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’সহ নানা অভিধায় সমাদৃত হয়েছেন। ব্যঙ্গ-বিদ্রূপ, হাস্যরস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক বার্তা—বিভিন্ন ধারার ছড়া তার কলমে সমান দক্ষতায় ফুটে উঠেছে।

ভাষা ও সাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর