সাজিদুল ইসলাম মুন্না

বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে আইফোন নেওয়ার উদ্দেশ্যে বন্ধুকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে সাজিদুল ইসলাম মুন্না (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ঘাটাইলের দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

ঘটনার সূত্রপাত গত বছরের ৭ ডিসেম্বর। সেদিন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের ইমন আহমদ স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে।

পরে আশরাফুলের তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, আইফোন ছিনতাইয়ের পরিকল্পনায় সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চারজন মিলে কৌশলে ইমনকে পুকুরপাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে তার আইফোনটি নিয়ে যায়।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক বলেন, তদন্তে বেরিয়ে এসেছে—আইফোন ছিনিয়ে নিতে বন্ধুরাই মিলে ইমনকে হত্যা করেছে। গ্রেপ্তার মুন্নাকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর