বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনি নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাতিজা। দুর্ঘটনাকবলিত বিমানে তিনি ছাড়াও তার নিরাপত্তাকর্মী, পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে জানান, দুর্ঘটনাকবলিত চার্টার্ড উড়োজাহাজটি লিয়ারজেট-৪৫ মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসএসকে। বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

অবতরণের সময় বিমানটি রানওয়ের বাইরে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। বেশ কিছুদিন ধরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বারামতি বিমানবন্দরটি সম্প্রতি মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়েছে।

এনডিটিভি জানায়, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি জনসভায় যোগ দিতে অজিত পাওয়ার বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন। ঠিক সে সময়ই দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানটি কেন জরুরি অবতরণে বাধ্য হয়েছিল, সেটি এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, দৃশ্যমানতা কম থাকায় পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর