মহান বিজয় দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবাই দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।
তিনি আরও বলেন, এই দিনটি তাদের বীরত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর উপলক্ষ এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সাহসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।
এদিকে, ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিজয় দিবস উপলক্ষে একটি পৃথক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক।
পোস্টে উল্লেখ করা হয়, ওই যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। এই বিজয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দেয় এবং জন্ম দেয় একটি নতুন রাষ্ট্রের।









