বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, কাঁদলেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে দাঁড়িয়ে তিনি কিছু সময় নীরবে আবেগাপ্লুত অবস্থায় দোয়া করেন।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান সমাধি প্রাঙ্গণে পৌঁছান। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন এবং একান্তে বাবার কবরের পাশে কিছু সময় দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তারেক রহমানের আবেগঘন উপস্থিতি সেখানে উপস্থিত অনেকের মধ্যেই গভীর অনুভূতির সৃষ্টি করে।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিজয় সরণি এলাকায় নেতাকর্মীদের ভিড়ে তার গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহরটি গন্তব্যের দিকে এগিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকার বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর