বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, আগামী দিনগুলোতে দেশে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও রাজনৈতিক বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এসব তথ্য জানায়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক কর্মসূচি ততই ঘন ঘন এবং উত্তেজনাপূর্ণ হতে পারে।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া কর্মসূচিও যেকোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণে সব ধরনের বড় জমায়েত ও বিক্ষোভ থেকে দূরে থাকার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত অনুসরণ করা এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর