বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য সহিংসতা এবং বড় জনসমাগমঘেঁষা এলাকায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট, এক্স এবং ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

দূতাবাস জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি গোষ্ঠীর হামলার ঝুঁকি থাকতে পারে, যা বিক্ষোভ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে ঘটতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও পরিস্থিতির অবনতি হলে দ্রুত সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের যেকোনো প্রতিবাদ, বিক্ষোভ বা বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচল এবং ১১–১২ ফেব্রুয়ারি দেশের সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এই কারণে দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।

মার্কিন দূতাবাসের পরামর্শ
১. বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলুন
২. সর্বদা আশপাশ সম্পর্কে সতর্ক থাকুন
৩. নিয়মিত স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন
৪. কম প্রোফাইলে থাকুন
৫. জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ থাকা মোবাইল ফোন সঙ্গে রাখুন
৬. ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন
৭. ভ্রমণের ক্ষেত্রে বিকল্প রুট পরিকল্পনা করে রাখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর