বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা ও অনুষ্ঠান প্রচার-প্রসার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি এমন পদক্ষেপ বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।
এ অবস্থায়, আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।









