ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয় ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধান তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন।

জয়সওয়াল বলেন, ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। ওই চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে বলে আশা করছে নয়াদিল্লি। ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, এ বিষয়ে ধাপে ধাপে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন উদাহরণ হিসেবে উল্লেখ করে ভারতের নির্বাচন কমিশনকে সমালোচনা করলে দেশটির রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়। নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অনেকের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

মমতা বলেন, বাংলাদেশে অনেকেই সহিংসতার শঙ্কা করেছিলেন, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তার অভিযোগ, ভারত গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নির্বাচন সংক্রান্ত কাজে স্থগিত সাত কর্মকর্তাকে বরখাস্ত না করে অন্য প্রশাসনিক দায়িত্বে পাঠানোর বিষয়টিও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জানতে চান, নির্বাচন নিবন্ধন কর্মকর্তাদের স্থগিতের কারণ কী।

মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, মমতা বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে অতি উৎসাহী আচরণ করছেন এবং জামায়াতকে সমর্থন দিচ্ছেন বলে দাবি করেন।

এ প্রসঙ্গে বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী বলেন, ভারতের নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলছে এবং এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টও স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর