বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ

ষ্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থান–পরবর্তী সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে ব্যাপক সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন গেজেট প্রকাশের পর দেখা গেছে, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেট প্রকাশের মাধ্যমে সংশোধিত ফলাফল জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরদিন প্রথম গেজেট প্রকাশ করা হয়।

প্রথম গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। মোট ভোট পড়েছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি, যার মধ্যে বাতিল ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। বৈধ ভোট দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

নতুন গেজেটে ‘হ্যাঁ’ ভোট কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি, এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। বৈধ ভোট দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।

সংশোধিত ফল বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বৈধ ভোট কমলেও বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সব মিলিয়ে মোট ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ জানায়নি। তবে কমিশনের আদেশে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা চূড়ান্ত হওয়ার কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর