বগুড়া-৬ উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার

বগুড়া প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে, যদিও সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। কোথাও কোথাও ভোটারদের লাইন দেখা গেলেও বেশ কয়েকটি কেন্দ্রে উপস্থিতি ছিল সামান্য। তবে গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারের আগমন ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দেড় ঘণ্টায় শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কর্মীদের ভিড় থাকলেও সাধারণ ভোটারদের তেমন লম্বা লাইন ছিল না।

প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম এক ঘণ্টায় অনেক কেন্দ্রে প্রায় শতাধিক ভোট পড়েছে, যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটারদের আগ্রহ কিছুটা কম। হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এ কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২। তার ভাষায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রটিতে নিরাপত্তায় রয়েছেন ৩ পুলিশ সদস্য ও ১৩ আনসার সদস্য।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন, ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি, জামায়াত এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার নির্বাচন প্রতিযোগিতায় রয়েছেন। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *