তারেক রহমান

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের নানা সুবিধা এক জায়গায় আনতে চাই

ষ্টাফ রিপোর্টার

বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে একাধিক সরকারি সুবিধা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘‘সরকারের নানা প্রকল্প আছে, কিন্তু সেগুলোর মধ্যে সমন্বয় নেই। ফ্যামিলি কার্ড চালু করা গেলে এসব সুবিধা এক জায়গায় এনে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’’

তিনি আরও বলেন, ‘‘যে পরিকল্পনাই করা হোক, সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি কমাতে হবে। এসব ঠিক থাকলে অন্যান্য ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে।’’

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘‘শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে। শিশুরা যাতে আনন্দের সঙ্গে শেখে, সেভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হবে। এতে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের প্রবণতাও কমবে।’’
তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হবে।

ঢাকার ট্রাফিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, *‘‘সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় যানজট বাড়ছে। তাই শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা তৈরি করা সম্ভব।’’

প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও রেমিট্যান্স বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘‘অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রেমিট্যান্স সঠিক চ্যানেলে পাঠালে প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার সুযোগ থাকবে।’’

এক প্রশ্নের জবাবে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেন, ‘’মাকে খুব মিস করি। কিন্তু রাত ৫টা পর্যন্ত মানুষ যখন আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, তখন আর ক্লান্তি মনে হয় না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর